
আরামবাগ, ৫ এপ্রিল (হি.স.): অবৈধভাবে নদী থেকে বালি তোলার অভিযোগে উত্তাল হয়ে উঠল খানাকুল-এর তাঁতিশাল গ্রাম পঞ্চায়েত এলাকা। রবিবার মুণ্ডেশ্বরী নদী-র কুরকুরি ঘাটে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।
স্থানীয়দের অভিযোগ, নদী সংস্কারের নাম করে পরিকল্পনাহীনভাবে লরি ও ডাম্পারে করে বালি তোলা হচ্ছে। এর ফলে নদীর তলদেশে বড় ফাঁক তৈরি হচ্ছে, যা গ্রামের নিরাপত্তার পক্ষে মারাত্মক ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে উদোনা গ্রাম, যা চারদিক নদীবেষ্টিত, সেখানে বাঁশের সেতুই মূল যাতায়াতের মাধ্যম। অতিরিক্ত বালি তোলার জেরে ওই সেতু ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে দাবি বাসিন্দাদের।
গ্রামবাসীরা জানান, প্রতিদিন অসংখ্য লরি বালি বহন করায় সেতুর নিচের মাটি সরে যাচ্ছে। এতে যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি নদীতে গভীর খাদ তৈরি হওয়ায় গোটা গ্রাম ধসে পড়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা।
এই পরিস্থিতিতে অবিলম্বে বালি তোলা বন্ধের দাবি তোলার পাশাপাশি একটি পাকা সেতু নির্মাণের দাবিও জানান স্থানীয়রা। বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা বালি বহনের রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের আশ্বস্ত করা হয় যে ওই এলাকা থেকে আর বালি তোলা হবে না।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বিক্ষোভ শাসক শিবিরের জন্য নতুন চাপ তৈরি করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA