
কোচবিহার, ৫ এপ্রিল (হি.স.): মালদার মোথাবাড়িতে বিচারকদের আটকে রেখে বিক্ষোভের ঘটনায় এবার সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলার মাঠের নির্বাচনী সভা থেকে এই ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। এই ঘটনাকে 'নির্মম সরকারের মহাজঙ্গলরাজ' বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী।
কোচবিহারের জনসভা থেকে মোদী বলেন, “মালদায় যা হয়েছে, তা এই নির্মম সরকারের মহাজঙ্গলরাজের জ্বলন্ত নিদর্শন। গোটা দেশ দেখেছে কীভাবে কর্তব্যরত বিচারকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। তৃণমূলের আমলে এ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির শবযাত্রা বেরিয়েছে।” তিনি প্রশ্ন তোলেন, “সরকার যদি খোদ বিচারকদেরই নিরাপত্তা দিতে না পারে, তবে সাধারণ মানুষের অবস্থা কী হবে?”
উল্লেখ্য, গত ১ এপ্রিল মালদার কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়িতে ভোটার তালিকায় নাম বাদ পড়ার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা এসআইআর বা বিশেষ সমীক্ষার কাজে যাওয়া সাতজন জুডিশিয়াল অফিসারকে রাতভর বিডিও অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখায়। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে তাণ্ডব। এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা যেমন প্রশ্নের মুখে পড়েছিল, তেমনই বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।
প্রধানমন্ত্রী এদিন সেই প্রসঙ্গ টেনেই তৃণমূল শাসনে বিচারব্যবস্থার কর্মীদের নিরাপত্তাহীনতার ছবি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের রাজত্বে খোদ বিচারকরাও রেহাই পাচ্ছেন না। উল্লেখ্য, এই ঘটনার জেরে ইতিমধ্যেই জাতীয় স্তরে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে, যার রেশ আজ মোদীর কোচবিহারের সভায় স্পষ্ট ধরা পড়ল।
হিন্দুস্থান সমাচার / সোনালি