
কলকাতা, ৫ এপ্রিল (হি.স.): ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক পারদ। রবিবারের ছুটির দিনকে হাতিয়ার করে প্রচারে বাড়তি গতি আনতে এদিন দিনভর প্রার্থীদের দেখা গেল মানুষের দুয়ারে। সেই তালিকায় এদিন সকাল থেকেই সক্রিয় ছিলেন নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী।
রবিবার ছুটির দিনে সাতসকালের সাময়িক প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই প্রচারে নামেন তিনি। প্রথমে শহরের আগমেশ্বরী পাড়া বাজারে জনসংযোগ সেরে একাধিক অলি-গলি ঘুরে শেষ পর্বে পৌঁছান বড় বাজার ও রাজার বাজারে। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাঁদের অভাব-অভিযোগ। প্রার্থীর দাবি, “রবিবার অনেকের ছুটি থাকে, তাই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ বেশি মেলে। বাজারে ভিড়ও থাকে বেশি। সেই সুযোগেই প্রচার চালানো হল।”
জনসংযোগের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব এবং শাসকদলের দুর্নীতি— এই তিন বিষয়েই ক্ষোভপ্রকাশ করেছেন সাধারণ মানুষ। তাঁর কথায়, “আমরা আশ্বাস দিয়েছি, এবার রাজ্যে বিজেপি সরকার গঠন করলে এই সমস্যাগুলির সমাধান করা হবে।”
এদিকে, নবদ্বীপে কসাইখানা বিরোধী আন্দোলনসহ একাধিক ইস্যুতে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন শ্রুতি। সেইসঙ্গে তাঁর দাবি, “এই শহরের ঐতিহ্য ও গরিমা রক্ষায় নিতান্তই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। মানুষ তা দেখেছেন। তাই তাঁদের অকুণ্ঠ সমর্থন পাব বলে আমার দৃঢ় বিশ্বাস ও আস্থা রয়েছে।”
অন্যদিকে, রবিবার সকাল থেকেই ভোটের প্রচারে সরগরম ছিল নবদ্বীপ শহর। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এখনও বড়সড় প্রচার কর্মসূচি শুরু হয়নি, তবে বিভিন্ন এলাকায় কর্মী বৈঠক ও ছোট আকারে জনসংযোগে ঘাসফুল শিবিরকেও সক্রিয় থাকতে দেখা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত