
শ্রীভূমি (অসম), ৫ এপ্রিল (হি.স.) : শ্ৰীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর সম-জেলাশাসক (সিডিসি)-এর কার্যালয়ে আগামীকাল ৬ এপ্রিল, সোমবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪-টা পর্যন্ত পোস্টাল ব্যালট পেপার ফেসিলিটেশন সেন্টার কার্যকরী থাকবে।
পোস্টাল ব্যালট পেপার সেলের নোডাল অফিসার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ওই সেন্টারগুলিতে ভোটের কাজে নিয়োজিত যে সকল ভোটকর্মী পাথারকান্দির মডেল হায়ার সেকেন্ডারি স্কুল ও রামকৃষ্ণনগর কলেজে অনুষ্ঠিত ভোট প্রশিক্ষণের সময় পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে ১২ নম্বর ফর্মে আবেদন করেছিলেন, সেই সকল ভোট কর্মীদের পোস্টাল ব্যালট পেপার প্রদান করা হবে।
এই কাজ সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মী নিয়োগ করে নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে রেকর্ড ও অ্যাকাউন্ট ইত্যাদি বজায় রাখতে দায়িত্ব প্রদান করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস