
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): দেশের একাধিক রাজ্যে সাম্প্রতিক ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় তৎপর হয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান পরিস্থিতির পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।
কৃষি মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ক্ষতির নির্ভুল হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়া যায়।
তিনি আশ্বাস দিয়ে বলেন, এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার কৃষকদের পাশে রয়েছে এবং তাঁদের কোনওরকম উদ্বেগের প্রয়োজন নেই। সবরকম সহায়তা পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির কৃষিমন্ত্রীদের সঙ্গে রবিবার বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত পর্যালোচনা করে ত্রাণ ও ক্ষতিপূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য