
নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.): ফের ভিডিও পোস্ট করে আম আদমি পার্টির নেতৃত্বকে খোঁচা দিলেন দলের বিদ্রোহী সাংসদ রাঘব চাড্ডা। রবিবার সমাজ মাধ্যমের পোস্টে লিখলেন, এখন শুধু ট্রেলার। পিকচার এখনও বাকি!
আম আদমি পার্টির নেতৃত্বের একাংশের অভিযোগ, পঞ্জাব থেকে রাজ্যসভায় যাওয়া সত্ত্বেও সে রাজ্যের বিষয় নিয়ে তাঁকে কথা বলতে দেখা যায় না। রবিবারের ভিডিওয় আম আদমি পার্টির নেতৃত্বকে মূলত এই অভিযোগের জবাব দিলেন রাঘব, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। সংসদে তাঁর দেওয়া ভাষণের ছোট ছোট ফুটেজ কেটে কেটে প্রায় তিন মিনিটের ওই ভিডিওটি তৈরি করেছেন তিনি। ভাষণের যে যে ফুটেজ তিনি ব্যবহার করেছেন, তার প্রতিটিতেই তাঁকে পঞ্জাবের বিষয় নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে। কখনও তাঁকে দেখা যাচ্ছে রাজ্যের কৃষকদের নিয়ে কথা বলতে, কখনও আবার জলসঙ্কট, ট্রেন পরিষেবায় অব্যবস্থা নিয়ে। এক্স হ্যান্ডলের পোস্টে রাঘব লিখেছেন, 'আমার কাছে পঞ্জাব শুধু ভাষণের বিষয়বস্তু নয়। এটা আমার ঘর, আমার কর্তব্য, আমার মাটি, আমার হৃদয়।'
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ