
কলকাতা, ৫ এপ্রিল (হি. স.): ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের পুনরায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে ট্রাইব্যুনালে যাওয়ার আইনি জটিলতা কাটাতে উদ্যোগী হল এসইউসিআই (কমিউনিস্ট)। দলের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, 'লিগ্যাল সার্ভিস সেন্টার'-এর সহযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই 'হেল্প ডেস্ক' গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ এবং বিভিন্ন জেলা ও মহকুমা আদালত স্তরেও এই আইনি পরিষেবা মিলবে।
দলীয় সূত্রে খবর, সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন জানাতে গিয়ে আইনি প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা এবং নির্দিষ্ট সময়সীমা বজায় রাখা নিয়ে সাধারণ মানুষ চরম বিভ্রান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়া নাগরিকদের সঠিক আইনি পরামর্শ ও কারিগরি সহায়তা পৌঁছে দেওয়াই এই হেল্প ডেস্কগুলির মূল লক্ষ্য।
এসইউসিআই (সি)-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর এই প্রসঙ্গে বলেন, “বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁরা যাতে দ্রুত ন্যায়বিচার পান, তার জন্য ট্রাইব্যুনালে সঠিকভাবে আবেদন করা জরুরি। কিন্তু বাস্তবে সাধারণ মানুষ নানা প্রশাসনিক ও আইনি বাধার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই আমাদের এই উদ্যোগ।”
দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, প্রতিটি জেলায় নির্দিষ্ট কিছু অভিজ্ঞ আইনজীবী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের নাম ও যোগাযোগের নম্বরও জনসমক্ষে আনা হয়েছে যাতে ভুক্তভোগী নাগরিকরা সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজনৈতিক মহলের মতে, ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও দীর্ঘসূত্রিতা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন সাধারণ মানুষের সুবিধার্থে এই ধরনের আইনি সহায়তা কেন্দ্রগুলি অত্যন্ত কার্যকর ভূমিকা নিতে পারে। তবে এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত