টিটিএএডিসি নির্বাচন : ডেমছড়া-কচুছড়া কেন্দ্রে বাইক রেলিতে শক্তি প্রদর্শন তিপ্রা মথার
কুমারঘাট (ত্রিপুরা), ৫ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে পাহাড়ি এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ডেমছড়া–কচুছড়া আসনে বিজেপি-র বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার গুরুতর অভিযোগ ত
তিপ্রা মাথার বাইক রেলি


কুমারঘাট (ত্রিপুরা), ৫ মার্চ (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে পাহাড়ি এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ডেমছড়া–কচুছড়া আসনে বিজেপি-র বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার গুরুতর অভিযোগ তুললেন তিপ্রামথা দলের প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে ভোটের আগে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

নির্বাচনী প্রচারে গিয়ে ধীরেন্দ্র দেববর্মা অভিযোগ করেন, বিজেপি-র প্রার্থী বিপিন দেববর্মা জনজাতি মানুষের হাতে টাকা তুলে দিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা করছেন। পাশাপাশি, মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টাও চলছে বলে দাবি তাঁর। তবে এই ধরনের কৌশল শেষ পর্যন্ত সফল হবে না বলেই আত্মবিশ্বাস ব্যক্ত করেন তিপ্রা মথা প্রার্থী।

এদিকে, ডেমছড়া–কচুছড়া আসনে তিপ্রা মথা প্রার্থীর সমর্থনে বাইক রেলির আয়োজন করা হয়। কচুছড়া থেকে শুরু হওয়া এই রেলি ফটিকরায়ের ডেমডুম রাজকান্দি ঘুরে প্রায় দেড়শ কিলোমিটার পথ অতিক্রম করে পঞ্চমনগর বাজারে গিয়ে শেষ হয়। রেলিতে প্রায় দেড় হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণ ছিল বলে দাবি দলের নেতৃত্বের। মিছিলে উপস্থিত ছিলেন প্রার্থী ধীরেন্দ্র দেববর্মা, যুব সংগঠনের ঊনকোটি জেলা সভাপতি অনুকূল দেববর্মা, ফটিকরায় ব্লক সভাপতি যোগ্যমোহন দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলে অংশ নিয়ে ধীরেন্দ্র দেববর্মা বলেন, এবারের নির্বাচনে তাঁর জয় শতভাগ নিশ্চিত। তিনি দাবি করেন, ২৮টি আসনের মধ্যে ২৫টিতেই জয়লাভ করে তিপ্রা মথা সরকার গঠন করবে। তাঁর মতে, জনজাতি সমাজের অধিকার রক্ষার দাবিতে যুবসমাজ রাস্তায় নেমেছে, যা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, জনজাতিদের ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার দাবিতে তাঁদের আন্দোলন অব্যাহত রয়েছে। নির্বাচনে জয়ী হলে এই দাবিগুলির বাস্তবায়নের পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।

বিজেপির সঙ্গে লড়াই প্রসঙ্গে ধীরেন্দ্র দেববর্মা বলেন, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি এবং সিপিআই(এম)-এর মধ্যে। তিপ্রা মথা দলের সঙ্গে অন্য কোনও দলের তুলনা হয় না বলেও মন্তব্য করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande