
ধর্মনগর (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.): ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই প্রেক্ষাপটে রবিবার দুই দিনের উত্তর জেলা সফরে ধর্মনগরে পৌঁছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) প্রফেসর মানিক সাহা। সফরের সূচনাতেই দলীয় প্রচারে গতি সঞ্চারের লক্ষ্যে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।
রবিবার সন্ধ্যা প্রায় ৭টা ৩৫ মিনিট নাগাদ ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্যের স্মৃতিভবনে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন স্তরের ব্যক্তিত্ব।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, জেলা সভাধিপতি কাজল দাস সহ অন্যান্যরা।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, উত্তর জেলা ও ঊনকোটি জেলায় টিটিএএডিসি নির্বাচন এবং ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে তিনি এই দুই দিনের সফরে এসেছেন। সফরসূচিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। তিনি বলেন, “আগামীকাল বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে জেলা কার্যালয়ে অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি টিটিএএডিসি এলাকাগুলিতেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। আগামীকাল বিকেল বা সন্ধ্যায় ধর্মনগরে একটি পদযাত্রাও অনুষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “আজকের এই মতবিনিময় সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ধর্মনগরের বুদ্ধিজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে এলাকার উন্নয়নের জন্য কী কী করা প্রয়োজন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত জানা যায়।”
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিতভাবে রাজ্যের বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণের ফলে এই উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। তাঁর শূন্যস্থান পূরণে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
তিনি আশা ব্যক্ত করে বলেন, এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশা ও চাহিদা সম্পর্কে সরকার আরও স্পষ্ট ধারণা পাবে, যা ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। একই সঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ৫৬-ধর্মনগর বিজেপি মণ্ডলকে কীভাবে সুসংগঠিত করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ