
শান্তিরবাজার (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহামুনি রোডের বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় নদীতে স্নান করতে নেমে জনৈক কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত কিশোরের নাম শুভম দাস (১৫)। সে শান্তিরবাজার এলাকারই বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে শুভম। স্নানের সময় হঠাৎ করেই গভীর জলে তলিয়ে যায় সে। বিষয়টি বুঝতে পেরে তার বন্ধু ও আশপাশের মানুষজন চিৎকার শুরু করলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এলাকাবাসী।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তল্লাশি অভিযান শুরু করেন। কিছুক্ষণ পর নদী থেকে শুভমের নিথর দেহ উদ্ধার করা হয়।
এরপর তাকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। অল্প বয়সে শুভমের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ