
দুর্গাপুর, ৫ এপ্রিল (হি. স.): রবিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় পিএনজি-র পাইপলাইনে ফাটল ধরায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা ভোর থেকেই বিকট শব্দ শুনে ভীত হয়ে যান। দ্রুত খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে পণ্ডিত রঘুনাথ মুর্মু সরণিতে জলের পাইপলাইন মেরামতের কাজ চলছিল। সেই সময়ে জেসিবি দিয়ে রাস্তার পাশে মাটি খোঁড়ার সময় গ্যাসের পাইপ ফেটে যায়। পাইপ ফাটলে গ্যাস ফোয়ারার মতো বের হয়ে এলাকায় ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা এলাকা ঘিরে ফেলেন এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কর্মকর্তারা জানান, পাইপলাইনে বড় ধরনের ক্ষতি হয়নি। গ্যাস সংস্থার কর্মীরা দ্রুত মেরামতের কাজ শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্গাপুরের সিটি সেন্টার ও সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য গ্যাস সরবরাহ ব্যাহত হয়। এছাড়া ঘটনাস্থলে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “সকালে আচমকা বিকট শব্দ হয় এবং পাইপলাইনে গ্যাস বের হতে শুরু করে। তবে দ্রুত দমকল ও গ্যাস সংস্থার কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতঙ্কের কোনো কারণ নেই।”
এই দুর্ঘটনার কারণে সিটি সেন্টারের পিএনজি পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হলেও, মেরামতের পর দ্রুত স্বাভাবিক হয়ে গেছে।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা