বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষ্যে আগরতলায় শোভাযাত্রা, সচেতনতার বার্তা
আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষ্যে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব, উপকারিতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে রবিবার রাজধানী আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজ্যজুড়ে পালিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই শ
আগরতলা শহরে শোভাযাত্রা


আগরতলা, ৫ এপ্রিল (হি.স.) : বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষ্যে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব, উপকারিতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে রবিবার রাজধানী আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাজ্যজুড়ে পালিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিন শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন জাতীয় স্বাস্থ্য মিশনের অতিরিক্ত মিশন ডিরেক্টর নুপুর দেববর্মা। তাঁর উপস্থিতিতে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে।

শোভাযাত্রায় স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তি এবং সাধারণ মানুষের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণকারীরা হোমিওপ্যাথিক চিকিৎসার উপকারিতা সম্পর্কে সচেতনতার বার্তা দেন এবং এই চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের আস্থা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নুপুর দেববর্মা বলেন, হোমিওপ্যাথি একটি নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং কার্যকর চিকিৎসা পদ্ধতি, যা ধীরে ধীরে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করছে। তিনি বলেন, গ্রাম থেকে শহর—সমাজের সর্বস্তরের মানুষের কাছে এই চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

তিনি আরও জানান, বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উপলক্ষ্যে আগামী কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় স্বাস্থ্য শিবির, সচেতনতা কর্মসূচি এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, প্রতি বছর ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথিক দিবস পালিত হয়। দিবসটিকে সামনে রেখে আগাম এই ধরনের কর্মসূচির মাধ্যমে রাজ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande