

আরামবাগ, ৫ এপ্রিল (হি.স.) : বিধানসভা ভোটের প্রচারে গোটা আরামবাগ মহকুমা এখন সরগরম। রাজনৈতিক দলগুলি পাড়ায়-পাড়ায় নেমেছে, তবে ডিজিটাল যুগে দেওয়ালও তুমুল আলোচিত। সামাজিক মাধ্যমে মজার মিমের সঙ্গে সঙ্গে ব্যালট যুদ্ধের আগে শুরু হয়েছে দেওয়াল যুদ্ধ।আরামবাগ থেকে গোঘাট, খানাকুল— দেওয়ালগুলো মুখর হয়েছে স্লোগান ও ছড়ায়। দেওয়াল লিখনে রাজনৈতিক দলগুলি একে-অপরকে টিপ্পনি কেটে প্রার্থী প্রচার করছে, পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার ইস্যুগুলিও দেওয়ালে উঠে এসেছে।মহকুমাজুড়ে তৃণমূল ও বিজেপি একে-অপরকে টক্কর দেওয়ার চেষ্টা করলেও, কিছুটা এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল। শাসক দলের দেওয়াল লিখনে মজার ছড়ার সঙ্গে স্থান পেয়েছে জ্বলন্ত ইস্যু। যেমন একটি দেওয়ালে লেখা: “খালি পেটে রামের নাম, ১০০০ পেরলো গ্যাসের দাম, এই বিজেপি আর নয়।” অন্য একটি দেওয়ালে লেখা, “পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ।” প্রধানমন্ত্রীকে আক্রমণ করে দেওয়ালে লেখা: “মোদি তুমি দুষ্টু লোক, তোমার দাড়িতে উকুন হোক।”বিজেপি দেওয়াল লিখনে তৃণমূলের শিল্পনীতিকে কটাক্ষ করেছে, লেখা হয়েছে: “দরকার ছিল শিল্প, পিসি বলল লন্ডনের গল্প, যুবকরা চাইল কাজ, পিসি বলে চপ ভাজ।” বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরাও প্রচারের ফাঁকে রং-তুলি হাতে দেওয়াল লিখন করছেন।কিছু এলাকায় সিপিএম-এর দেওয়াল লিখনও চোখে পড়ছে। তারা দেওয়াল লিখনের মাধ্যমে একযোগে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করছে। গোঘাটের তৃণমূল নেতা সৌমেন দীগার বলেন, “প্রার্থী ঘোষণার আগে থেকেই আমাদের দেওয়াল লিখন শুরু হয়েছে। গোঘাটজুড়ে প্রচুর দেওয়াল লিখন করা হচ্ছে।” বিজেপি নেত্রী দোলন দাস জানান, “অনেক আগে থেকে দেওয়ালে চুনকাম করা হয়েছিল। আমাদের দল প্রার্থী ঘোষণা করার পর থেকেই কর্মী-সমর্থকরা জোরকদমে ময়দানে নেমেছে।”আরামবাগ ২৬ এর বিধানসভা কেন্দ্রে দেওয়াল যুদ্ধে শাসক ও বিরোধী—সবাই সক্রিয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA