
আগরতলা, ৭ এপ্রিল (হি.স.) : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস (টিপস)-এর উদ্যোগে মঙ্গলবার আগরতলা শহরে নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। “স্বাস্থ্যের জন্য একজোট : বিজ্ঞানের পাশে দাঁড়ান” এই বছরের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
এদিন টিপস-এর পক্ষ থেকে ডাঃ সৌরভ দত্ত জানান, বিশ্ব স্বাস্থ্য দিবসকে কেন্দ্র করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনের সূচনায় আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে পদযাত্রার আয়োজন করা হয়। এই সচেতনতামূলক পদযাত্রায় ছাত্র-ছাত্রী, শিক্ষকমণ্ডলী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পদযাত্রা পুনরায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত বিভিন্ন স্লোগান ও বার্তা তুলে ধরে জনসাধারণকে সচেতন করার চেষ্টা করেন।
এছাড়াও, অভয়নগরস্থিত স্টেট চিলড্রেন হোম ফর গার্লস-এর শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।
একই সঙ্গে টিপস অ্যাসেম্বলি হলে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় স্বাস্থ্য পরিষেবার আধুনিকীকরণ, প্রশাসনিক দক্ষতা এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিশেষজ্ঞরা বিস্তারিত আলোচনা করেন। শিক্ষার্থীদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও এতে অংশগ্রহণ করেন।
ডাঃ দত্ত আরও জানান, টিপস ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবে। স্বাস্থ্য শিক্ষা বিস্তার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ