
ধর্মনগর (ত্রিপুরা), ৭ এপ্রিল (হি.স.) : গত ঈদ-উল-ফিতরের দিন সংঘটিত চাঞ্চল্যকর খালেদ আহমেদ হত্যাকাণ্ডে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় আগে থেকেই তীব্র চাঞ্চল্য বিরাজ করছিল। নতুন করে গ্রেফতারের ফলে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই এই মামলায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। তবে বাকি চারজন দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ধর্মনগরের রাগনা এলাকা থেকে আরও দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
ধৃতদের নাম হায়দর আলী (৩০) এবং মইন উদ্দিন (৪৪)। তাঁদের বিরুদ্ধে খুনের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারী কর্মকর্তাদের মতে, জিজ্ঞাসাবাদে ঘটনার পেছনের মূল কারণ এবং অন্যান্য জড়িতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
উল্লেখ্য, ঈদ-উল-ফিতরের দিন ধর্মনগরের মঙ্গলখালী এলাকায় খালেদ আহমেদকে নির্মমভাবে খুন করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
এদিকে, এখনও দুই অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।এ প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার জানান, “বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। খুব শীঘ্রই তাদেরও আইনের আওতায় আনা হবে।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ