
আরামবাগ, ৯ এপ্রিল (হি.স.) : বিজেপি কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগে। বৃহস্পতিবার আরামবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
আহত বিজেপি কর্মী অনিল কুমার মাইতির অভিযোগ, তিনি দলীয় পতাকা লাগিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় স্থানীয় এক ব্যক্তি আচমকাই বাঁশ নিয়ে তাঁর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়রা এবং পরে পুলিশ আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
অভিযোগে অভিযুক্ত হিসেবে হেমন্ত পালের নাম উঠে এলেও, তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে। আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জির দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁদের দলের কোনও কর্মী নন। তাঁর কথায়, ঘটনাটি ব্যক্তিগত বা পারিবারিক বিবাদের ফল, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA