
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): পুরনো ক্ষোভ উগরে দিয়ে আম জনতা উন্নয়ন পার্টির (‘আজুপ’) নেতা হুমায়ুন কবীরকে তীব্র খোঁচা মারলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
বৃহস্পতিবার তৃণমূলের দাখিল করা একটি ভিডিয়ো প্রসঙ্গে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা বলেন, “ধর্মের কল বাতাসে নড়ে। এর আগে আমাকে হারানোর জন্য ওঁর মুখ দিয়ে দাঙ্গার কথা বলানো হয়েছিল। আজ যখন কথাগুলো উঠছে, তখন নিশ্চয়ই কিছু সত্যতা আছে।” অধীরবাবুর সাফ কথা, স্রেফ কেন্দ্রীয় সংস্থার তলবে কাজ হবে না, তথ্যপ্রমাণ সামনে এনে চোরদের ধরা হোক।
হুমায়ুন কবীর মন্তব্য করেছিলেন, সুযোগ এলে কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে আবারও সমঝোতায় ফিরতে পারেন তিনি। এমনকী তাঁর বিরুদ্ধে ভোট করানো ভুল হয়েছিল বলেও স্বীকারোক্তি দেন। এহেন হুমায়ুন কবীরকে নিয়ে এখন জোর তরজা বঙ্গ রাজনীতিতে। ভিডিও বিতর্কের কেন্দ্রে থাকা এই নেতাকে কিন্তু সহানুভূতি দেখাননি অধীর।
প্রসঙ্গত, ২০২৯ সালের লোকসভা ভোটের প্রসঙ্গ টেনে হুমায়ুনের ঘোষণা ছিল, ওই নির্বাচনে ইউসুফ পাঠানকে পরাজিত করে ফের অধীর রঞ্জন চৌধুরীকে জেতানোই হবে লক্ষ্য। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষের সুরে এও বলেন, ''তৃণমূলের যুবরাজ বা নেত্রীর ক্ষমতা থাকলে তা রুখে দেখাক।'' কিন্তু এখন ভিডিও বিতর্কের জেরে তাঁর সেই উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, সেটার উত্তর জানে শুধু সময়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত