
কলকাতা, ৯ এপ্রিল (হি. স.) : বিজেপি থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন প্রবীণ বিজেপি নেত্রী মিঠু ব্যানার্জী। বৃহস্পতিবার গেরুয়া পোশাক পরিহিত অবস্থায় বারুইপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে তিনি নিজের মনোনয়নপত্র দাখিল করেন।
মিঠু ব্যানার্জী দলের অন্দরে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি বর্তমানে যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি এবং রাজ্য কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। লড়াকু নেত্রী হিসেবে পরিচিতি থাকলেও এবার প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় তিনি ক্ষুব্ধ। দলের প্রার্থী ঘোষণার পর থেকেই তাঁর অনুগামীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল।
মনোনয়ন জমা দেওয়ার পর মিঠু দেবীর দাবি, তিনিই ‘আসল বিজেপি’। তিনি বলেন, “প্রতিবার এমন প্রার্থী দেওয়া হয়, যাঁদের নির্বাচনের পর আর খুঁজে পাওয়া যায় না। কর্মীদের আবেগ এবং তাঁদের অনুরোধেই নির্দল হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি।”
দলের যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোতদার জানিয়েছেন, মিঠু ব্যানার্জীর সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বোঝানোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত