
কাশিয়াড়ি, ৯ এপ্রিল (হি. স.): পশ্চিম মেদিনীপুরের কাশিয়াড়ি ব্লকের ঘৃতগ্রাম পঞ্চায়েতের বাঁশগেড়িয়া এলাকায় দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ ছিল গ্রামবাসীদের মধ্যে। বিশেষ করে বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, ফলে সাধারণ মানুষের চলাচল কার্যত দুঃসহ হয়ে পড়ে। এই সমস্যার জেরে এলাকায় কোনও রাজনৈতিক দলের পতাকা বা ফেস্টুন বাঁধতে দিতেন না স্থানীয় বাসিন্দারা।এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে এলাকায় পৌঁছন কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভদ্র হেমরম। তিনি শুধু পরিস্থিতি খতিয়ে দেখেই থেমে থাকেননি, বরং নিজে হাতে রাস্তা মেরামতির কাজে নেমে পড়েন এবং গ্রামবাসীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তাঁর এই উদ্যোগে কিছুটা হলেও মন গলতে শুরু করে স্থানীয়দের।রাস্তা সংস্কারের কাজে সক্রিয় অংশগ্রহণের পর গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এলাকায় দলের পতাকা ও ব্যানার লাগানোর অনুমতি চান তিনি। গ্রামবাসীরাও তাঁর কাজের প্রশংসা করে অনুমতি দেন। এরপর প্রার্থী নিজেই এলাকায় দলীয় পতাকা বাঁধেন।এই ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সরাসরি মানুষের সমস্যার সমাধানে এগিয়ে আসায় প্রার্থীর প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়