
নবদ্বীপ, ৯ এপ্রিল (হি. স.):-ভর সন্ধ্যায় নবদ্বীপে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর নবদ্বীপ ব্লকের চর মাজদিয়া চর ব্রহ্মনগর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে থাকা সাইকেলের দোকানে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরই আশপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পাশাপাশি খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও একা সেই ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।অভিযোগ, প্রায় দেড় ঘণ্টা পর দ্বিতীয় দমকল ইঞ্জিন পৌঁছায়, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, এত বড় অগ্নিকাণ্ডে কেন শুরুতেই একাধিক ইঞ্জিন পাঠানো হয়নি এবং দ্বিতীয় ইঞ্জিন আসতে এত দেরি হল কেন।পরে দ্বিতীয় ইঞ্জিন পৌঁছানোর পর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং রাত প্রায় ৮টা ৪৫ মিনিট নাগাদ ৯০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। প্রাথমিকভাবে অনুমান, এই ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়