
ঝাড়গ্রাম, ৯ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঝাড়গ্রাম জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ প্রশাসন। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ওড়িশা সীমান্তবর্তী নয়াগ্রাম ও গোপীবল্লভপুর থানা এলাকায় কড়া নজরদারি শুরু হয়েছে।
বৃহস্পতিবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী এই দুই এলাকায় মোট পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নাকা চেকিং চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, জেলা পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকরা যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রতিটি চেকপোস্টে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে এবং প্রতিটি গাড়ি থামিয়ে খুঁটিয়ে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গাড়ির যাবতীয় তথ্য নথিভুক্ত করা হচ্ছে।
গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ জানান, সম্প্রতি এলাকার দুটি পৃথক স্থান থেকে মোট চার লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। দু’টি জায়গা থেকেই দু’লক্ষ টাকা করে বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, উদ্ধার হওয়া অর্থ অবৈধ নয়। তবে নির্বাচনকালীন বিধি মেনে প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ওই অর্থ আটক করা হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন বিধি কার্যকর হওয়ার পর ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ বহনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা বাধ্যতামূলক। সেই নিয়ম লঙ্ঘনের কারণেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অর্থের উৎস খতিয়ে দেখছে পুলিশ ও নির্বাচন কমিশন।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো