
কলকাতা, ৯ এপ্রিল( হি. স.) : ফের ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনের লড়াইয়ে নেমেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কালীঘাটের বাসভবন থেকে পদযাত্রা করে আলিপুরের সার্ভে ভবনে গিয়ে নিজের মনোনয়নপত্র দাখিল করেন তিনি। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তিনি তাঁর আয়, স্থাবর-অস্থাবর সম্পত্তি, অলঙ্কার এবং শিক্ষাগত যোগ্যতার বিশদ বিবরণ দিয়েছেন। দীর্ঘ ১৫ বছর মুখ্যমন্ত্রী পদে থাকলেও তাঁর জীবনযাত্রায় যে বিশেষ পরিবর্তন আসেনি, হলফনামার তথ্যে তারই প্রতিফলন দেখা গিয়েছে।
হলফনামার তথ্য অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা ৭১ পয়সা। তবে তাঁর নামে কোনও চল সম্পত্তি বা ব্যক্তিগত যানবাহন নেই। এমনকি তাঁর নামে কোনও কৃষি জমি, অকৃষি জমি কিংবা কোনও বসতবাড়িও নেই। হলফনামায় তিনি জানিয়েছেন, তাঁর কোনও আর্থিক ঋণ নেই। আয়ের উৎস হিসেবে দেখা গিয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয় ছিল ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। এর আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে এই পরিমাণ ছিল ২০ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা। উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষে তিনি ৪০ হাজার ৬০০ টাকা টিডিএস রিফন্ড হিসেবে পেয়েছেন।
মনোনয়ন জমা দেওয়ার সময় মুখ্যমন্ত্রীর হাতে নগদ ছিল ৭৫ হাজার ৭০০ টাকা। ইন্ডিয়ান ব্যাংকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা। এছাড়া নির্বাচনী খরচের জন্য একই ব্যাংকের অন্য একটি অ্যাকাউন্টে ৪০ হাজার টাকা রাখা হয়েছে। অলঙ্কার হিসেবে তাঁর সংগ্রহে রয়েছে মাত্র ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা, যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতার নিরিখে তিনি জানিয়েছেন, ১৯৭৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন (যার পরীক্ষা সম্পন্ন হয় ১৯৭৯ সালে)। এরপর ১৯৮২ সালে যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। হলফনামায় দেওয়া সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য হলো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বর্তমানে কোনও ফৌজদারি মামলা নেই এবং এর আগে কোনও অপরাধমূলক কাজে তিনি দোষী সাব্যস্ত হননি।
হিন্দুস্থান সমাচার / সোনালি