
কলকাতা, ৯ এপ্রিল, (হি.স.): “অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়; পশ্চিমবঙ্গে আলুর চেয়ে আলু রাখার বস্তার দাম বেশি!” ১ মিঃ ১৩ সেকেন্ডের ভিডিয়ো-সহযোগে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুবাবু লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়-এর রাজত্বে রাজ্যের আলুচাষীদের নাভিশ্বাস ওঠার জোগাড়। রাজ্যের অধিকাংশ আলুচাষি বাজার থেকে চড়া সুদে ঋণ নিয়ে আলুচাষ করেন, কিন্তু রাজ্য সরকারের খামখেয়ালি ও ভ্রান্ত নীতির কারণে তাঁরা সর্বদা চূড়ান্ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আলুর দাম এখন অত্যন্ত কম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টাপাল্টা, যুক্তিহীন ও বিবেচনাহীন সিদ্ধান্তের কারণে অন্যান্য রাজ্য পশ্চিমবঙ্গ থেকে আলু কেনা বন্ধ করে দিয়েছে।
পরিস্থিতি এতটাই খারাপ যে হিমঘরেও আলু রাখার জায়গা অপ্রতুল; হিমঘরগুলি আলু নিতে চাইছে না, ফলে আলু পচে নষ্ট হচ্ছে। তাই আলুচাষিদের নিজেদের আলু ফেলে দেওয়া বা নদীর জলে ভাসিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
আগামী ৪ঠা মে-র পরে রাজ্যে সরকার পরিবর্তনের পর কৃষকপন্থী বিজেপি সরকার আলুচাষি সহ পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকের পাশে দাঁড়াবে। এই পরিস্থিতি বদলাতেই হবে, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার”।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত