
সোনামুড়া (ত্রিপুরা), ৯ এপ্রিল (হি.স.) : সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে বড় সাফল্য পেল সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার পুলিশ। থানার নবনিযুক্ত অফিসার-ইন-চার্জ পার্থ নাথ ভৌমিকের নেতৃত্বে দ্রুত ও সুচারু অভিযানে ৩২ কেজি শুকনো গাঁজা জব্দ করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে এক কুখ্যাত পাচারকারীকে। দায়িত্ব গ্রহণের মাত্র একদিনের মধ্যেই এই সাফল্য পুলিশের তৎপরতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় যাত্রাপুর থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা যৌথভাবে অভিযান চালায়। কাঁঠলিয়া-থালিবাড়ি সড়কের পাশে কাঁঠলিয়া গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি সংলগ্ন এলাকায় ওঁত পেতে বসেন পুলিশকর্মীরা। সন্ধ্যা প্রায় সাড়ে ৭টা নাগাদ একটি সন্দেহভাজন কালো রঙের ব্যালেনো গাড়ি (নম্বর টিআর০১-এএস-৭৮০৯) ওই এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়।
এরপর গাড়িটি তল্লাশি চালিয়ে পুলিশ দুটি বস্তার ভিতরে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করে। জব্দ হওয়া গাঁজার মোট ওজন প্রায় ৩২ কেজি বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনাস্থল থেকেই গাড়ির চালক, বাঁশপুকুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা রুবেল হোসেন (২৫)-কে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া গাঁজার চালানটি সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এই ঘটনায় এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে যাত্রাপুর থানার ওসি পার্থ নাথ ভৌমিক জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ