টিটিএএডিসি ভোটে কারচুপির আশঙ্কায় রাজপথে প্রতিবাদ কংগ্রেসের
আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্তের অভিযোগ তুলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে বৃহস্পতি
কংগ্রেসের বিক্ষোভ মিছিল


আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। নির্বাচনকে প্রহসনে পরিণত করার চক্রান্তের অভিযোগ তুলে গণপ্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে বৃহস্পতিবার রাস্তায় নামে প্রদেশ কংগ্রেস। এদিন একটি প্রতিবাদ মিছিল করে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। নির্বাচন কমিশন ঘেরাও করে তাঁরা তীব্র প্রতিবাদ জানান এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন। প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্য সরকার মানুষের আস্থা হারিয়ে ফেলেছে এবং নিজেদের মধ্যেও বিভাজন ও অবিশ্বাস চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতেই ধর্মনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে কেন্দ্রের শাসক নেতৃত্বের প্রভাবেই পরিচালিত হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রদেশ থেকে আনা ইভিএম মেশিন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, ওই মেশিনগুলির মধ্যে দুটি চিপ রয়েছে, যা সাধারণত একসঙ্গে দুটি নির্বাচন হলে ব্যবহৃত হয়। ফলে কেন এ ধরনের মেশিন আনা হয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এছাড়া ১,২০০ বুথের জন্য ১,৩৫০টি ইভিএম আনা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তী।

প্রবীর চক্রবর্তী আরও বলেন, শাসকদলের এক মন্ত্রীর বক্তব্য—অন্য কোনও দলকে ভোট দিলেও তা বিজেপির পক্ষে পড়বে—নির্বাচন প্রক্রিয়া নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। নির্বাচন আধিকারিকদের বক্তব্য এবং বিজেপি-র অবস্থানের মধ্যে মিল থাকায় কংগ্রেসের আশঙ্কা আরও জোরদার হয়েছে বলেও দাবি করেন তিনি।

কংগ্রেসের অভিযোগ, আনা ইভিএমগুলির সঙ্গে ভিভিপ্যাট যুক্ত নেই, যা ভোটের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিভিপ্যাট-সহ ইভিএম ব্যবহারের দাবি জানানো হয়। পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবিও তোলা হয়।

পরবর্তীতে কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবিগুলি তুলে ধরেন। তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সমস্ত ইভিএম মেশিন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে কমিশনিং প্রক্রিয়াও তাঁদের উপস্থিতিতেই চলছে। এই মেশিনের মাধ্যমে ভোটে কারচুপির কোনও সুযোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande