
আগরতলা, ৯ এপ্রিল (হি.স.) : তিপ্রা মথার প্রার্থী রবীন্দ্র দেববর্মার সমর্থনে একটি দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে পশ্চিম ত্রিপুরার হেজামারা এলাকায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু এবং অন্তত ১২ জন গুরুতরভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিপ্রা মথার একাধিক কর্মী-সমর্থক একটি মিছিল শেষে গাড়িতে করে ফিরছিলেন। সেই সময় হেজামারা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আহতদের গাড়ি থেকে বের করে দ্রুত হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, মোট ১২ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রথমেই দু’জনকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়।
তবে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই গুরুতর আহত ব্যক্তির মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর আরও উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান তিপ্রা মথার প্রার্থী রবীন্দ্র দেববর্মা। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই মর্মান্তিক দুর্ঘটনায় দলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ