
শিলিগুড়ি, ১ মে (হি. স.) : বুদ্ধ পূর্ণিমার পুণ্য তিথিতে ভগবান গৌতম বুদ্ধের ২৫৮৮তম আবির্ভাব দিবস উপলক্ষে বাগডোগরা এবং শিলিগুড়ির বিভিন্ন বৌদ্ধ গুম্ফায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন শোভাযাত্রা, ত্রিপিটক পাঠ এবং বিশেষ পূজার্চনার মাধ্যমে সমগ্র অঞ্চলে এক ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়।
বাগডোগরার আপার এলাকা স্থিত একটি বৌদ্ধ গুম্ফা থেকে এদিন একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং সিঙ্গের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা। শোভাযাত্রায় বহু মহিলা মাথায় পবিত্র গ্রন্থ 'ত্রিপিটক' নিয়ে পদযাত্রা করেন। বৌদ্ধ ভিক্ষু বা লামারাও এই মিছিলে সামিল হয়েছিলেন। শোভাযাত্রাটি দারাগাঁও গুম্ফা থেকে শুরু হয়ে ধর্মকাটা পর্যন্ত যায় এবং পুনরায় গুম্ফায় ফিরে এসে শেষ হয়।
শিলিগুড়ির অদূরে শালুগাড়ার তরিবাড়ি স্থিত বৌদ্ধ গুম্ফাতেও বুদ্ধ জয়ন্তী ধুমধাম করে পালন করা হয়েছে। এদিন সকাল থেকেই গুম্ফায় ভক্তদের ভিড় উপচে পড়ে। দিনভর ত্রিপিটক পাঠ, বিশেষ প্রার্থনা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তদের সমাগমে গুম্ফা চত্বরে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বুদ্ধ জয়ন্তী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি মানবতা, শান্তি এবং বিশ্ব ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি বিশেষ দিন। সেই কারণেই প্রতি বছর এই বিশেষ দিনে হাজার হাজার মানুষ গুম্ফাগুলোতে সমবেত হয়ে বিশ্বশান্তির জন্য প্রার্থনায় সামিল হন।
হিন্দুস্থান সমাচার / সোনালি