
বসিরহাট, ১ মে (হি. স.):-ভোটগণনার আগে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় স্ট্রং রুমের নিরাপত্তা ও সিসিটিভি নজরদারি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বসিরহাট হাই স্কুল ও ভ্যাবলা পলিটেকনিক কলেজে আগামী ৪ মে বসিরহাট মহকুমার আটটি বিধানসভার ভোটগণনা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলিতে মোট ১৪০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ১৭ লক্ষ ৬ হাজার ৯০৩ জন ভোটার।নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বাইরে বসানো হয়েছে লাইভ স্ট্রিম মনিটর, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সারাক্ষণ নজর রাখছেন।বৃহস্পতিবার গভীর রাতে একটি বিধানসভার সিসিটিভি নজরদারিতে সময় প্রদর্শন না হওয়ায় প্রশ্ন তোলেন বসিরহাট উত্তর কেন্দ্রের আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লাহ। তৃণমূল নেতা কাজু বিশ্বাস-সহ একাধিক বিরোধী প্রতিনিধি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান। পরে কমিশনের উদ্যোগে সিসিটিভির টাইমিং পুনরায় ঠিক করা হয় বলে জানা গিয়েছে।ঘটনার পর থেকে শাসক ও বিরোধী—উভয় পক্ষের কর্মী-সমর্থকেরা দিনরাত লাইভ মনিটরের দিকে নজর রাখছেন। তবে এই বিষয়ে বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়