
হুগলি, ১ মে (হি.স.) : হুগলির আরামবাগ মহকুমার সালেপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মানিকপাট গ্রামে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এদিন বিজেপির ১০-১২ জন কর্মী তাঁদের সমর্থক রণজিৎ মালিকের বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে বাড়ির মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
অন্যদিকে বিজেপির দাবি, তাঁদের কর্মী সুলেখা পাত্র দোকানে কাজ করছিলেন, সেই সময় তৃণমূলের ২০-৩০ জন কর্মী সেখানে এসে হামলা চালায়। তাঁকে বাঁচাতে গেলে আরও কয়েকজন আহত হন বলে অভিযোগ। বিজেপি নেতৃত্বও আহতদের উদ্ধার করে একই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA