
হাড়োয়া, ১৫ মে (হি. স.): উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত সালিপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর পায়রাগাছা এলাকায় শুক্রবার সকালে একটি পরিত্যক্ত বাগানবাড়ির শৌচালয় থেকে সন্দেহজনক বালতি উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বালতির ভিতরে তাজা বোমা মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কয়েকজন বাসিন্দা পরিত্যক্ত বাগানবাড়ির শৌচালয়ের ভিতরে একটি রহস্যজনক বালতি দেখতে পান। বালতির ভিতরে বোমা সদৃশ কিছু বস্তু রয়েছে বলে সন্দেহ তৈরি হয়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে।পুলিশ এসে প্রথমে গোটা এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ভোট-পরবর্তী অশান্তি বা নাশকতার উদ্দেশ্যে ওই বিস্ফোরক মজুত করে রাখা হয়ে থাকতে পারে। যদিও বালতির ভিতরে আদৌ বোমা রয়েছে কি না, তা এখনও নিশ্চিতভাবে জানায়নি পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। প্রয়োজনে বোম্ব স্কোয়াডের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়