জ্বালানি সংকট বলরামপুরে, বাইকে মিলছে মাত্র ২০০ টাকার তেল
বলরামপুর, ১৫ মে (হি.স.): দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব এবার স্পষ্ট ছত্তিশগড়ের বলরামপুর জেলাতেও। শুক্রবার থেকে জেলায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩.১৪ টাকা বেড়ে হয়েছে ১০৫.২৩ টাকা। একইভাবে ডিজেলের দাম ৩.১১ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯
জ্বালানি সংকট বলরামপুরে, বাইকে মিলছে মাত্র ২০০ টাকার তেল


বলরামপুর, ১৫ মে (হি.স.): দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব এবার স্পষ্ট ছত্তিশগড়ের বলরামপুর জেলাতেও। শুক্রবার থেকে জেলায় পেট্রোলের দাম লিটার প্রতি ৩.১৪ টাকা বেড়ে হয়েছে ১০৫.২৩ টাকা। একইভাবে ডিজেলের দাম ৩.১১ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৯৮.২২ টাকা প্রতি লিটার। দাম বৃদ্ধির পাশাপাশি জেলায় জ্বালানির ঘাটতিও সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে।

পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, জেলার বেশিরভাগ পেট্রোল পাম্পে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। মোটরবাইকে সর্বাধিক ২০০ টাকার পেট্রোল, পেট্রোলচালিত গাড়িতে ১০০০ টাকা এবং ডিজেল গাড়িতে সর্বাধিক ২০০০ টাকার জ্বালানি দেওয়া হচ্ছে।

পাম্প মালিকদের দাবি, তাঁদের কাছে সীমিত পরিমাণে জ্বালানি সরবরাহ হওয়ায় বাধ্য হয়েই এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সব গ্রাহক কিছুটা হলেও জ্বালানি পান এবং পাম্প সম্পূর্ণ খালি হয়ে না যায়।

শুক্রবার সকালে রামানুজগঞ্জের পুলিশ কল্যাণ পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা এক গ্রাহক জানান, “আগেই সীমিত পরিমাণে পেট্রোল পাওয়া যাচ্ছিল, এখন আবার দামও বেড়েছে। প্রতিদিন অফিস যাতায়াতের জন্য ২০০ টাকার পেট্রোল যথেষ্ট নয়।” তিনি আরও বলেন, অনেক পাম্পেই পেট্রোল মিলছে না, ফলে মানুষকে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে।

এ প্রসঙ্গে এক পাম্পের মালিক জানান, তাঁদের কাছে কম পরিমাণে জ্বালানি সরবরাহ করা হচ্ছে। সেই কারণেই কাটছাঁট করে সীমিত জ্বালানি দেওয়া হচ্ছে। তিনি বলেন, “এই ব্যবস্থা না নিলে খুব দ্রুত পাম্প সম্পূর্ণ খালি হয়ে যেতে পারে।”

শুক্রবার সকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছেন তিনি। পেট্রোল ও ডিজেল—দুই ক্ষেত্রেই লিটার প্রতি প্রায় ৩ টাকা করে দাম বেড়েছে। হঠাৎ জ্বালানির মূল্যবৃদ্ধি ও সীমিত সরবরাহে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী চাকরিজীবী, ছোট ব্যবসায়ী ও পরিবহণের সঙ্গে যুক্ত মানুষজন। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে সমস্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande