
বাঁকুড়া, ১৫ মে (হি.স.): প্রাণনাশের হুমকি, মারধর ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ধৃত তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নেতা শ্যামসুন্দর দত্ত ওরফে শ্যামার জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া আদালত। শুক্রবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।জানা গিয়েছে, গত ১৫ এপ্রিল ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়া শহরের লালবাজারের হিন্দুস্কুল মাঠ এলাকায় এক ব্যক্তির উপর হামলা ও প্রাণে মারার চেষ্টার অভিযোগ ওঠে। সেই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে বৃহস্পতিবার রাতে শ্যামসুন্দর দত্তকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ।ধৃতের আইনজীবী আদালতে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। রাজনৈতিক মহলে শ্যামা বাঁকুড়ার তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।শ্যামসুন্দর দত্তের দাবি, বৃহস্পতিবার রাতে তাঁকে থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেখানে পৌঁছনোর পরই তাঁকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের কারণও স্পষ্ট করে জানানো হয়নি। তৃণমূলের পক্ষ থেকে এই গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দীর্ঘদিন ধরেই প্রভাব খাটিয়ে তোলাবাজি, মারধর এবং জোর করে জমি দখলের মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন শ্যামা। তাঁর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই শহরে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।বাঁকুড়া সদর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট