তৃণমূলের বিরুদ্ধে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ, ক্যানিং থানার সামনে বিজেপির বিক্ষোভ
ক্যানিং, ১৫ মে (হি.স.) : রাজ্যে সরকার পরিবর্তনের পরেও পুলিশ তৃণমূলের পক্ষ নিয়েই কাজ করছে বলে অভিযোগ তুলে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্ম
তৃণমূলের বিরুদ্ধে বন্দুক দেখিয়ে হুমকির অভিযোগ, ক্যানিং থানার সামনে বিজেপির বিক্ষোভ


ক্যানিং, ১৫ মে (হি.স.) : রাজ্যে সরকার পরিবর্তনের পরেও পুলিশ তৃণমূলের পক্ষ নিয়েই কাজ করছে বলে অভিযোগ তুলে ক্যানিং থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি নেতা-কর্মীরা। অভিযোগ, ক্যানিংয়ের মিঠাখালি এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও ক্যানিং থানার আইসির অপসারণের দাবিতে বৃহস্পতিবার রাতে ক্যানিং-বারুইপুর রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

বিজেপির অভিযোগ, ঘটনার পরই ক্যানিং থানার আইসিকে জানানো হলেও অভিযুক্তদের গ্রেফতারে কোনও উদ্যোগ নেয়নি পুলিশ। এরপরই গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ শুরু হয়। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর রাতেই দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে আন্দোলন তুলে নেওয়া হয়।

ঘটনার পর ক্যানিং থানার পুলিশ ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকায় তৃণমূল নেতা-কর্মী ও তাঁদের অনুগামীদের বাড়িতে তল্লাশি চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, অনেক তৃণমূল নেতাই বর্তমানে ঘরছাড়া। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, তবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজেপির দাবি, তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরাই এলাকায় এলাকায় ঘুরে বিজেপি কর্মীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছে। তারই প্রতিবাদে এই আন্দোলনে সামিল হন বিজেপি নেতা-কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande