অবিরাম বর্ষণে বদরপুরে জলাবদ্ধতা, একাধিক স্থানে ভূমিধস
বদরপুর (অসম), ১৫ মে (হি.স.) : অবিরাম বৃষ্টিপাতের ফলে বদরপুর শহরাঞ্চল ও সংলগ্ন বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এরই পাশাপাশি বিভিন্ন স্থানে
Badarpur


বদরপুর (অসম), ১৫ মে (হি.স.) : অবিরাম বৃষ্টিপাতের ফলে বদরপুর শহরাঞ্চল ও সংলগ্ন বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। এরই পাশাপাশি বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনাও সামনে এসেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

পরিস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান কাটিগড়া সমষ্টির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি জলাবদ্ধ ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার খোঁজখবর নেন।

পরিদর্শনের পর বিধায়ক জানান, বদরপুর ও আশপাশের অঞ্চলে টানা বৃষ্টির কারণে বন্যা ও জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি একাধিক স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও তিনি আশ্বাস দেন।

বিধায়ক বলেন, “বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পক্ষ থেকে সবরকম সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। জলাবদ্ধতা ও ভূমিধসপ্রবণ এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande