
রায়পুর, ১৫ মে( হি.স.) : ছত্তিশগড়ের একাধিক জেলায় শুক্রবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। রায়পুর, বলোদা বাজার, মহাসমুন্দ, ধামতারি ও রায়গড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে তীব্র গরম থেকে স্বস্তি মিলেছে সাধারণ মানুষের।
শুক্রবার সকালে রায়পুরে কালো মেঘে ঢেকে যায় আকাশ। এরপর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঠান্ডা ঝোড়ো হাওয়া।
আবহাওয়া দফতর এদিন রাজনন্দগাঁও, মহাসমুন্দ, রায়পুর, বলোদা বাজার, জাঞ্জগির-চাম্পা, রায়গড়, বিলাসপুর, কোরবা, যশপুর, গৌরেলা-পেন্দ্রা-মারওয়াহি, দুর্গ, বেমেতারা, কবিরধাম, মুঙ্গেলি, সুরগুজা, সূরজপুর ও বলরামপুর জেলায় কমলা সতর্কতা জারি করেছে। এসব এলাকায় বজ্রবিদ্যুৎ, ঝড়ো হাওয়া এবং ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া সুকমা, বিজাপুর, দক্ষিণ বস্তার দান্তেওয়াড়া, বস্তার, নারায়ণপুর, উত্তর বস্তার কাঙ্কের, ধামতারি, বালোদ, রাজনন্দগাঁও, গড়িয়াবন্দ, যশপুর ও সূরজপুর জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহাসমুন্দ জেলার পিথোরায় প্রবল বৃষ্টিতে গ্রামের একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। ঝড়-বৃষ্টির জেরে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বলোদা বাজারে প্রবল ঝড়ে বেশ কয়েকটি বড় গাছ রাস্তায় উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের সমস্যায় পড়তে হলেও পরে প্রশাসনের তরফে দ্রুত রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়। বিলাসপুরেও ঝড়-বৃষ্টির জেরে বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক