
ক্যানিং পূর্ব,১৫ মে (হি. স.): রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতি থেকে শুরু করে দুর্নীতিগ্রস্থ নেতা, মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। এবার সেই তালিকায় জুড়ল এক পঞ্চায়েত প্রধানের নাম। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দেউলী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাফিজুল ইসলাম মোল্লা সহ দুজনকে গ্রেফতার করে জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় ২৯ এপ্রিল ২০২৬ বিধানসভা নির্বাচনে এলাকার এক আইএসএফ কর্মীর বাড়ি ভাঙচুর মারধর এমনকি আগ্নেয় অস্ত্র নিয়ে হুমকি দেওয়া অভিযোগের ঘটনায় তদন্তে নামে জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার জীবনতলা থানার জীবনতলা বাজার তৃণমূলের প্রধান হাফিজুল ইসলাম মোল্লা সহ তার এক সহযোগীকে গ্রেফতার করে। তাকে নিয়ে তল্লাশি চালায় জীবনতলা থানার পুলিশ। তল্লাশি করে তার কাছ থেকে একটি বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ তৃণমূলের প্রধান হাফিজুল ইসলাম মোল্লা সহ তার সহযোগীকে আলিপুর আদালতে পাঠায়। পুলিশ সূত্রে আরও জানা যায় শুক্রবার তাদের আলিপুর আদালতে তোলা হবে এবং এই দুজনকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা