হাইলাকান্দিতে মন্দির চুরির ঘটনায় দুই অভিযুক্তকে আটক
হাইলাকান্দি, (অসম) ১৫ মে (হি.স.) : উত্তর মোহনপুর সর্বজনীন কালীবাড়ি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল হাইলাকান্দি জেলা পুলিশ। ঘটনার তদন্তে নেমে শুক্রবার আলগাপুর থানার পুলিশ দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা
Hailakandi


হাইলাকান্দি, (অসম) ১৫ মে (হি.স.) : উত্তর মোহনপুর সর্বজনীন কালীবাড়ি মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল হাইলাকান্দি জেলা পুলিশ। ঘটনার তদন্তে নেমে শুক্রবার আলগাপুর থানার পুলিশ দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মন্দির থেকে চুরি হওয়া একাধিক মূল্যবান সামগ্রী।

জানা গেছে, জেলা পুলিশের সদর ডিএসপি-র নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আটক করা হয় শিবউত্তর গ্রামের বাসিন্দা আতীকুর রহমান লস্কর (১৬) এবং উজানকুপা গ্রামের বাসিন্দা আনোয়ার হুসেন মজুমদারকে (২২)। অভিযুক্তদের বিরুদ্ধে মন্দির চুরির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে প্রকাশ, গত ৮ মে মোহনপুর পার্ট–৪ এলাকার উত্তর মোহনপুর সর্বজনীন কালীবাড়ি মন্দিরে চুরির ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মন্দির কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আলগাপুর থানায় ২৬/২০২৬ নম্বর মামলা রুজু করা হয়। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ধারা ৩০৫(ডি) এবং ৩৩১(২)-এর অধীনে নথিভুক্ত করা হয়েছে।

এরপর তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার দুই অভিযুক্তকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পিতলের ধাতব প্লেট, প্রদীপ স্ট্যান্ড, পিতলের পাত্র, দুটি সিলিং ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চুরি হওয়া অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande