
আরামবাগ, ১৫ মে (হি.স.) : ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে বিজেপির জয়ের পর শুক্রবার শহরে বের হল বর্ণাঢ্য বিজয় মিছিল। ব্যাপক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী হেমন্ত বাগের জয়কে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা।
গৌরহাটি বাজার থেকে ডঙ্গল মোড় পর্যন্ত আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী ও সমর্থকেরা। দলীয় পতাকা, আবির এবং স্লোগানে মিছিল ঘিরে উৎসবের পরিবেশ তৈরি হয়। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষকেও এই মিছিল দেখতে দেখা যায়।
মিছিল শেষে বিজেপি নেতৃত্ব দাবি করে, আরামবাগের মানুষ পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন। আগামী দিনে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করার আশ্বাসও দেওয়া হয় দলের তরফে।
নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগ বলেন, “আরামবাগের মানুষ যে ভরসা ও ভালোবাসা দিয়েছেন, তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব।”
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA