
ক্যানিং, ১৬ মে (হি.স.): ক্যানিং পশ্চিম বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপি কর্মীকে খুনের চেষ্টার ঘটনায় মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার রাতেই বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। উত্তম ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এলাকার দাপুটে নেতা। তাঁর গ্রেফতারির পর এলাকায় উত্তেজনা ছড়ায়। তাঁর অনুগামীরা অনেকে রাতেই থানার সামনে জমায়েত করেছিলেন। তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী তাঁদের ছত্রভঙ্গ করেছে।
গত ৪ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলঘোষণা হয়েছে। ভোটগণনা চলাকালীনই ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে আক্রান্ত হন বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বসু। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি ছোড়ে। গুলি লাগে বিজেপি কর্মীর ডান পায়ে। সেই ঘটনায় জড়িত সন্দেহেই উত্তমকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালি গ্রামে উত্তমের বাড়ির সামনে থেকে তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। গ্রেফতারির সময় উত্তমের বাড়ি ঘিরে রেখেছিলেন কেন্দ্রীয় জওয়ানেরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ