
কলকাতা, রায়বরেলি, ২ মে (হি. স.) : ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছুঁল মডার্ন কোচ ফ্যাক্টরি (এমসিএফ), রায়বরেলি। শনিবার এমসিএফ-এ তৈরি প্রথম ১৬ কোচের বন্দে ভারত চেয়ার কার ট্রেনসেট পরীক্ষামূলক ট্রায়ালের জন্য রওনা দিয়েছে। অত্যাধুনিক সিমেন্স প্রপালশন সিস্টেমে সজ্জিত এই ট্রেন নিয়মিত যাত্রী পরিষেবায় নামার আগে বিভিন্ন নিরাপত্তা ও পারফরম্যান্স পরীক্ষা সম্পন্ন করবে।২০১৮ সালে মাত্র দুটি ট্রেনসেট দিয়ে শুরু হওয়া বন্দে ভারত যাত্রা এখন শততম ট্রেনসেটের দিকে এগোচ্ছে। এমসিএফ-এ তৈরি এই নতুন ট্রেনসেটে গতি, যাত্রী স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে রয়েছে আরামদায়ক আসন, ঝাঁকুনিহীন যাত্রা, সম্পূর্ণ সিল করা গ্যাংওয়ে এবং স্বয়ংক্রিয় প্লাগ ডোর, যা শব্দ কমাতে সাহায্য করবে।নিরাপত্তার জন্য ট্রেনে সংযোজন করা হয়েছে দেশীয় ‘কবচ’ অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, উন্নত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং বন্যা সুরক্ষা প্রযুক্তি। এছাড়া প্রতিবন্ধী যাত্রীদের সুবিধার জন্য বিশেষ র্যাম্প, নির্দিষ্ট আসন ও আধুনিক সুবিধাও রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, এই ট্রেন ভারতের দ্রুত, নিরাপদ ও বিশ্বমানের রেল পরিষেবার ভবিষ্যতের প্রতীক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়