ভোট গণনায় অশান্তির আশঙ্কা দিলীপ ঘোষের
মেচেদা, ২ মে (হি. স.) : ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফায় বড় কোনও অশান্তি না হলেও, ভোট গণনার দিন গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার মেচেদায় দলের এক বিশেষ সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণ
দিলীপ ঘোষ


মেচেদা, ২ মে (হি. স.) : ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দুই দফায় বড় কোনও অশান্তি না হলেও, ভোট গণনার দিন গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার মেচেদায় দলের এক বিশেষ সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল নেতৃত্বকে নাম না করে 'ডোনাল্ড ট্রাম্প'-এর সঙ্গে তুলনা করেন।

এদিন দিলীপ ঘোষ বলেন, “কাউন্টিংয়ের দিন গণ্ডগোল হতে পারে। এখানেও একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। দরকার হলে কাউন্টিং বন্ধ করে দিতে পারেন, বোমা মেরে দিতে পারেন। কারণ, হার মেনে নেওয়া মুশকিল। যাঁরা খুব স্বৈরাচারী হন, তাঁরা সহজে হার স্বীকার করতে পারেন না।” দিলীপ ঘোষ সরাসরি কার নাম নিয়েছেন তা স্পষ্ট না করলেও, তাঁর এই মন্তব্য যে রাজ্যের শাসক শিবিরের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনও সন্দেহ নেই।

দিলীপ ঘোষের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা শান্তনু সেন পাল্টা খোঁচা দিয়ে বলেন, “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কেমন, তা সকলেই জানেন। ট্রাম্পের মুখের ওপর তিনি কিছু বলতে পারেন না। দিলীপ ঘোষ বিজেপিতে বেশ কিছুদিন কোণঠাসা হয়ে পড়েছিলেন, সম্ভবত সেই ক্ষোভ থেকেই তিনি পরোক্ষে তাঁর নিজের দলকেই খোঁচা দিলেন কি না, তা ভাববার বিষয়।”

ভোট গণনায় সম্ভাব্য কারচুপি রুখতে এবং কর্মীদের সতর্ক করতে এদিন মেচেদার একটি গেস্ট হাউসে বিশেষ বৈঠক ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে বিজেপি। অবিভক্ত মেদিনীপুরের ৩৫টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, এজেন্ট এবং নেতাদের নিয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব, জে পি রাঠোর, সুনীল বনশল ও অমিত মালব্য।

বৈঠক শেষে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের গণনার কাজে যুক্ত করা নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূলের মামলা প্রসঙ্গে মুখ খোলেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূলের এই মামলায় আইনজীবী কপিল সিব্বল সওয়াল করছেন। আমরা ক্ষমতায় এসে জানতে চাইব তাঁকে কত টাকা দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তৃণমূলকে খারিজ করে দিয়েছে, এখন মামলার ভয় দেখিয়ে লাভ নেই।”

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande