নগাঁও জেলায় হাতির হামলায় ব্যক্তির মৃত্যু
নগাঁও (অসম), ২ মে (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব সার্কল এলাকায় আজ ভোররাতে বুনো হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে দক্ষিণজর বাগান এলাকার বাসিন্দা জনৈক সঞ্জয় দাস (৩৮) বলে শনাক্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী,
বুনো হাতি (ফাইল ফটো)


নগাঁও (অসম), ২ মে (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব সার্কল এলাকায় আজ ভোররাতে বুনো হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিকে দক্ষিণজর বাগান এলাকার বাসিন্দা জনৈক সঞ্জয় দাস (৩৮) বলে শনাক্ত করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি আজ ভোররাত প্রায় রাত ১টা ৩০ মিনিট নাগাদ বড়পথার সাব-বিটের অন্তর্গত ভিতর কলোনি এলাকায় সংঘটিত হয়েছে। জানা গেছে, ধনশিলা পাহাড় থেকে পথভ্রষ্ট হয়ে দুটি হাতি জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ে। গ্রামে হাতি পড়েছে দেখে সঞ্জয় দাস সহ কয়েকজন ব্যক্তি হাতিগুলোকে তাড়ানোর চেষ্টা করছিলেন। ঠিক সে সময় অন্য দিক থেকেও কিছু মানুষ হাতিগুলোকে তাড়াচ্ছিলেন। ফলে দুদিকের তাড়া খেয়ে হাতিগুলো এলোপাতাড়ি ছুটতে থাকে। তাদের গতিবিধি টের পাননি সঞ্জয় দাস। তখনই দুর্ভাগ্যবশত তিনি হাতিদের আক্রমণের শিকার হন।

ঘটনার খবর পেয়ে বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু ততক্ষণে সঞ্জয় দাসের মৃত্যু হয়ে যায়। ঘটনাস্থলটি বড়পানি সংরক্ষিত বনাঞ্চলের বাইরে বলে জানা গেছে।

সঞ্জয় দাসের মৃতদেহ উদ্ধার করে নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় স্থানীয় মানুষের পক্ষ থেকে বিশেষ কোনও প্রতিক্রিয়া আসেনি। কেবল তাঁরা বলেছেন, নগাঁও জেলায় হাতি-মানুষ সংঘাতের ঘটনা নতুন কিছু নয়। তাঁদের বক্তব্য, সংশ্লিষ্ট বিভাগগুলি যদি সময়মতো কার্যকর পদক্ষেপ না নেয়, তবে ভবিষ্যতে আরও গুরুতর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande