
পূর্ব বর্ধমান, ২ মে (হি. স.) : ভোটগ্রহণ পর্ব শেষ হতেই পূর্ব বর্ধমানের ইউআইটি বিল্ডিংয়ে তৈরি স্ট্রংরুমকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে স্ট্রংরুমের ছাদে এক রহস্যময় ব্যক্তির উপস্থিতির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক ও বিরোধী—উভয় শিবিরই।বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস শনিবার অভিযোগ করেন, ইভিএম রাখার পর থেকেই স্ট্রংরুমে একাধিক অসঙ্গতি নজরে এসেছে। তাঁর দাবি, মাঝেমধ্যেই সিসিটিভি ক্যামেরা বিকল হয়ে যাচ্ছে। পাশাপাশি গভীর রাতে ভবনের ছাদে লোকজনের ওঠানামা এবং হাতুড়ির শব্দও শোনা গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি ভিডিও-সহ নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে বলেও জানান সঞ্জয় দাস।অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষও সিসিটিভি মনিটরিংয়ে ত্রুটির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ক্যামেরার সময় ভারতীয় সময়ের তুলনায় ১ থেকে ২ মিনিট এগিয়ে থাকায় ভবিষ্যতে ঘটনার সঠিক সময় নির্ধারণে সমস্যা হতে পারে। এছাড়া ২৪ ঘণ্টার টেকনিক্যাল নজরদারির অভাব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একাধিক অভিযোগ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়