হাফলং বিধানসভা আসনের ভোটগণনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জেলা প্রশাসনের
হাফলং (অসম), ২ মে (হি.স.) : ডিমা হাসাও জেলার একমাত্র ১১৩ নম্বর উপজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনের ভোটগণনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। আগামী সোমবার ৪ মে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হাফলং জেলা কমিশনার কার্যালয়ের প
হাফলং বিধানসভা আসনের ভোটগণনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জেলা প্রশাসনের


হাফলং (অসম), ২ মে (হি.স.) : ডিমা হাসাও জেলার একমাত্র ১১৩ নম্বর উপজাতি সংরক্ষিত হাফলং বিধানসভা আসনের ভোটগণনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। আগামী সোমবার ৪ মে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হাফলং জেলা কমিশনার কার্যালয়ের প্রথম তলায় ভোট গণনা শুরু হবে সকাল ৮-টা থেকে।

আজ শনিবার সন্ধ্যায় ডিমা হাসাওয়ের জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক গায়ত্রী দেবীদাস হাইলিঙে এক সাংবাদিক সম্মেলন করে ভোটগণনা পর্বের নানা তথ্য দিয়েছেন। তিনি জানান, আগামী ৪ মে জেলা কমিশনার কার্যালয়ে ১৪টি টেবিলে ১৯ রাউন্ড গণনা হবে। অতিরিক্ত সাতটি টেবিলে গণনা করা হবে পোস্টাল ব্যালটের।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, ভোট গণনা প্রক্রিয়ার সঙ্গে নিয়োজিত সকল আধিকারিক ও কর্মচারী সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি বলেন, সকাল ৮-টায় পোস্টাল ব্যালটের ভোট দিয়ে গণনা শুরু প্রক্রিয়া শুরু হবে। এর পর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর বন্দি ভোট গণনা করা হবে। প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কঠোরভাবে নিয়ম মেনে চলার উদ্দেশে জেলা কমিশনার কার্যালয় চত্বর কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হবে।

কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিদের একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়ে জেলাশাসক বলেন, ভোট গণনা কেন্দ্র চত্বরে সংবাদ কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। গণনাকর্মী থেকে শুরু করে কেউ ভোট গণনা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, জানিয়েছেন জেলা কমিশনার গায়ত্রী দেবীদাস হাইলিঙে।

ডিমা হাসাও জেলার সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি গণনার দিন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবহিত করে বলেন আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে ভোট গণনা প্রক্রিয়া পরিচালনা করতে সম্পূর্ণ প্রস্তুত, জানান সিনিয়র পুলিশ সুপার রিপুঞ্জয় কাকতি।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande