ভোটগণনা উপলক্ষ্যে শ্রীভূমি শহরে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি
শ্রীভূমি (অসম), ২ মে (হি.স.) : আগামী ৪ মে সোমবার শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে। গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং শহরে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে শ
ভোটগণনা উপলক্ষ্যে শ্রীভূমি শহরে যানবাহন চলাচলে বিধিনিষেধ জারি


শ্রীভূমি (অসম), ২ মে (হি.স.) : আগামী ৪ মে সোমবার শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজে বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হবে। গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং শহরে যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা থেকে শ্রীভূমি শহরে যানবাহন চলাচলে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।

জারিকৃত নির্দেশিকা অনুসারে, ৪ মে সকাল ৬-টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শহরের সন্তর বাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত সড়কে, অর্থাৎ স্টেশন রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই সময়ে সব ধরনের যানবাহন সন্তর বাজার পয়েন্ট থেকে মসজিদ রোড, দাসপট্টি, পূর্ববাজার, চরবাজার, বিপিন পাল রোড হয়ে মেইন রোডে চলাচল করবে। পাশাপাশি এওসি পয়েন্ট থেকে যানবাহন সুভাষনগর সড়ক, টেলিফোন এক্সচেঞ্জের সম্মুখ, হাসপাতাল রোড, থানা রোড হয়ে মেইন রোডে চলাচল করবে।

গণনার দিন কমার্শিয়াল ভেহিকল যেমন এলএমভি ও প্রাইভেট ভেহিকল ম্যাজিক ট্রাক, ফোর জিরো সেভেন মিউনিসিপ্যাল এলাকার ভিতরে চলাচল করতে পারবে না। সুভাষনগর ও সন্তর বাজারের রাস্তা ওয়ান ওয়ে থাকবে। শিলচর থেকে আগত গাড়ি ও নিলামবাজারের দিক থেকে আগত গাড়ি সুভাষনগর হয়ে যাবে। লাতু, লঙ্গাই, ফকিরা বাজার ইত্যাদি এলাকা থেকে আগত গাড়িগুলো সন্তর বাজার, চরবাজার হয়ে যাবে। এছাড়া ৪ মে সোমবার করিমগঞ্জ কলেজের সম্মুখবর্তী সড়ক ও ফুটপাথের দু-পাশে কোনও ধরনের দোকান না বসাতেও নির্দেশ দেওয়া হয়েছে।

জনগণকে শ্রীভূমি জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখার নির্দেশিকা মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande