পুনর্নির্বাচনের মাঝেই ডায়মন্ড হারবারে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারকে হেনস্থার অভিযোগ তৃণমূলের
ডায়মন্ড হারবার, ২ মে (হি.স.) : ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন চলছে। এর মাঝেই সাময়িক উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৭৯ নম্বর বুথে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম এক ভো
ভোটের লাইন


ডায়মন্ড হারবার, ২ মে (হি.স.) : ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে শনিবার পুনর্নির্বাচন চলছে। এর মাঝেই সাময়িক উত্তেজনা ছড়াল ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ১৭৯ নম্বর বুথে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম এক ভোটার এবং তাঁর মাকে হেনস্থা করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনার প্রতিবাদে বুথের অদূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী ও সমর্থকরা।

শনিবার সকাল ৭টা থেকে চাঁদা প্রাথমিক বিদ্যালয়ের ১৭৯ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু হয়। অভিযোগ, বিশেষ ভাবে সক্ষম এক ভোটার ভোট দিতে এলে তাঁকে সহায়তার জন্য তাঁর মা বুথের ভেতরে প্রবেশ করেন। তৃণমূলের দাবি, নিয়ম লঙ্ঘনের অজুহাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই মা ও ছেলেকে দীর্ঘক্ষণ বুথের ভেতরে আটকে রাখেন।

ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছান তৃণমূল নেত্রী মনমোহিনী বিশ্বাস এবং দলের মুখপাত্র প্রতীক উর রহমান। তাঁদের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, বিশেষ ভাবে সক্ষম ভোটারকে সহায়তা করা একটি মানবিক বিষয় এবং সেখানে অহেতুক হেনস্থা করা হয়েছে। তৃণমূল নেত্রীর নেতৃত্বে ভোটাররা ভোটকেন্দ্রের অদূরেই দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। উল্লেখ্য, এই বুথে মোট ভোটারের সংখ্যা ৯৭৫ জন। যদিও সাময়িক এই অশান্তি বাদ দিলে বাকি ১৫টি বুথে ভোটগ্রহণ মোটের ওপর নির্বিঘ্নেই চলছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, এ দিন বেলা ১টা পর্যন্ত দুই বিধানসভা কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা ১টা পর্যন্ত ভোটের হার ৫৫.৫৭ শতাংশ। মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে ৫৬.৩৩ শতাংশ। ডায়মন্ড হারবারে ৫৪.৯ শতাংশ ভোট পড়েছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্রতিটি বুথ চত্বর।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande