
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : দিল্লিতে রেশন কার্ড পাওয়ার জন্য পরিবারের বার্ষিক আয়সীমা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বৃহস্পতিবার দিল্ল সচিবালয়ে সাংবাদিক বৈঠকে তিনি জানান, এতদিন বছরে ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত আয় থাকা পরিবার রেশন কার্ডের জন্য যোগ্য ছিল। এবার সেই সীমা বাড়িয়ে বছরে ২ লক্ষ ৫০ হাজার টাকা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা প্রকৃতপক্ষে যোগ্য, তাঁদের কাছেই যাতে রেশনের সুবিধা পৌঁছয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।” তিনি জানান, ইতিমধ্যেই রেশন ব্যবস্থার বড়সড় অডিট করা হয়েছে এবং তাতে ৭ লক্ষ ৭১ হাজার ৩৮৪টি অযোগ্য রেশন কার্ড বাতিল করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, বাতিল হওয়া কার্ডগুলির মধ্যে ১ লক্ষ ৪৪ হাজার পরিবার নির্ধারিত আয়সীমার বাইরে ছিল। এছাড়া ৩৫ হাজার ৮০০ জন এক বছরেরও বেশি সময় রেশন তোলেননি। ২৯ হাজার ৫৮০ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ হাজার ৩৯৪টি কার্ড ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, গত ১৫ মে থেকে নতুন রেশন কার্ডের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াই ডিজিটাল ও বায়োমেট্রিক পদ্ধতিতে সম্পন্ন হবে। আবেদনকারীদের আধার কার্ড, বসবাসের প্রমাণপত্র, পরিবারের আয়ের শংসাপত্র এবং পরিবারের সদস্যদের বিবরণ জমা দিতে হবে।
তিনি আরও জানান, রেশন বিতরণও বায়োমেট্রিক ব্যবস্থার মাধ্যমে করা হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং সঠিক ব্যক্তি সম্পূর্ণ রেশন পান।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত ১৩ বছর ধরে দিল্লির লক্ষ লক্ষ গরিব মানুষ নতুন রেশন কার্ডের জন্য সরকারি দফতরে ঘুরলেও তাঁদের কার্ড তৈরি করা হয়নি। তিনি বলেন, “ক্ষমতায় এসে আমরা প্রথমেই রেশন ব্যবস্থার পূর্ণাঙ্গ অডিট করিয়েছি। তারপরই অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য