
শিলং, ২১ মে (হি.স.) : সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে মেঘালয়ের জিআই-ট্যাগপ্রাপ্ত আনারস উপহার প্রদান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ বৃহস্পতিবার রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি সফরকালে প্রধানমন্ত্রী মোদী মেঘালয়ের জিআই-ট্যাগপ্রাপ্ত আনারস উপহার প্রদান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে।
মেঘালয়ের পাহাড়ে উৎপাদিত এই আনারস তার অসাধারণ মিষ্টতা ও সুগন্ধের জন্য বিশ্বসেরাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত। উচ্চ মাত্রার চিনি, কম অম্লতা এবং সমৃদ্ধ সুগন্ধের কারণে এটি উত্তরপূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় ফলের জাত হিসেবে পরিচিত।
আধিকারিক জানান, জিআই-ট্যাগপ্রাপ্ত এই ফল মেঘালয়ের সমৃদ্ধ কৃষি ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদের প্রতীক। উত্তরপূর্ব ভারতের স্বকীয়তা তুলে ধরার উদ্দেশ্যে এটিকে কূটনৈতিক উপহার হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
স্বাদের পাশাপাশি এই আনারস পুষ্টিগুণের দিক থেকেও অত্যন্ত মূল্যবান। এতে রয়েছে উচ্চমাত্রার ব্রোমেলাইন নামক এক ধরনের এনজাইম, যা হজমে সহায়তা করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এছাড়া এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধভাবে উপস্থিত।
আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে মেঘালয়ের আনারস উপস্থাপন করাকে রাজ্য ও সেখানকার কৃষক সমাজের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন রাজ্য সরকারের আধিকারিক। তিনি বলেন, এই উদ্যোগ ভারতের বৃহত্তর প্রচেষ্টারও প্রতিফলন, যার মাধ্যমে আন্তর্জাতিক সাংস্কৃতিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে উত্তরপূর্ব ভারতের দেশীয় ও জিআই-ট্যাগপ্রাপ্ত পণ্যগুলিকে বিশ্বদরবারে তুলে ধরা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস