
বেঙ্গালুরু, ২১ মে (হি.স.): অবতরণের সময়ে অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল এয়ার ইন্ডিয়ার উড়ান। দিল্লি থেকে বেঙ্গালুরুগামী একটি এয়ার ইন্ডিয়ার উড়ান অবতরণের সময়ে ঘটে ‘টেল স্ট্রাইক’। অর্থাৎ, রানওয়েতে নামার সময়ে উড়ানের পিছনের অংশ (লেজ) মাটিতে ঘষা লাগে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু বিমানবন্দরে। এয়ার ইন্ডিয়ার বিমানটি দিল্লি থেকে বেঙ্গালুরুতে অবতরণ করে। তখনই এই বিপত্তি ঘটে। তবে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বিমান থেকে নামানো হয়।
জানা গিয়েছে, বিমানে ১৮১ জন যাত্রী ছিলেন। এআই-২৬৫১ উড়ানটিকে আপাতত বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ফের দিল্লিতে এই উড়ানটির যাওয়ার কথা ছিল। কিন্তু এই দুর্ঘটনার পর বিমানটিকে আপাতত পরিষেবা থেকে সরিয়ে রাখা হয়েছে বলে বিমান সংস্থা সূত্রের খবর। কী ভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ