মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকট নিয়ে মোদী সরকারকে নিশানা কংগ্রেসের, নীতিতে বড় বদলের দাবি জয়রামের
নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে দেশে জ্বালানির দাম ও মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের অর্থনৈতিক নীতিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, ভারতীয় অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে এখন দেশের
মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকট নিয়ে মোদী সরকারকে নিশানা কংগ্রেসের, নীতিতে বড় বদলের দাবি জয়রামের


নয়াদিল্লি, ২১ মে (হি.স.) : পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে দেশে জ্বালানির দাম ও মূল্যবৃদ্ধি বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের অর্থনৈতিক নীতিকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, ভারতীয় অর্থনীতির অবস্থা এতটাই খারাপ যে এখন দেশের অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি হয়ে পড়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে জয়রাম রমেশ বলেন, “ভারতীয় অর্থনীতির অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এখন নরেন্দ্র মোদী সরকারের সমর্থকরাও প্রকাশ্যে উদ্বেগ জানাতে শুরু করেছেন।” তাঁর দাবি, একদিকে যেমন মূল্যবৃদ্ধির আশঙ্কা দ্রুত বাড়ছে, অন্যদিকে তেমনই কমছে অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস।

কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ক্রমাগত কমছে। সরবরাহ ব্যবস্থার পরিস্থিতিও এতটাই খারাপ হয়েছে যে প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষকে কম খরচ করার পরামর্শ দিতে হচ্ছে।

কংগ্রেস নেতার বক্তব্য, দেশে বিনিয়োগের পরিবেশ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে এবং বেসরকারি বিনিয়োগে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে না। এর পিছনে তিনি একাধিক কারণ তুলে ধরেন। তাঁর মতে, প্রকৃত মজুরি বৃদ্ধি না হওয়া, বাজারে ক্রেতার চাহিদা কমে যাওয়া, নীতিগত অনিশ্চয়তা, কর দফতরের হানা নিয়ে ব্যবসায়ী মহলে ভয়, চিন থেকে সস্তা পণ্যের আমদানি এবং দেশীয় শিল্পে তার নেতিবাচক প্রভাব—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সরকারপুষ্ট অধিগ্রহণের ফলে বাজারে একচেটিয়া প্রবণতা বাড়ছে। কর্পোরেট সংস্থাগুলি স্বাধীনভাবে বিনিয়োগের বদলে রাজনৈতিক অনুদানের মাধ্যমে সুবিধা আদায়ে বেশি আগ্রহী হয়ে উঠছে বলেও মন্তব্য করেন তিনি।

জয়রাম রমেশ বলেন, “কর্পোরেট ভারতের করের হার এখন রেকর্ড নিম্নস্তরে, তাদের আয়ও রেকর্ড উচ্চতায়। শেয়ার বাজারও শক্তিশালী দেখাচ্ছে। কিন্তু বিনিয়োগের গতি কার্যত উধাও।” তাঁর অভিযোগ, যেসব সংস্থা বিনিয়োগ করতে সক্ষম, তারাও দেশের বাইরে বিনিয়োগ করছে।

শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে কটাক্ষ করে জয়রাম রমেশ বলেন, “প্রধানমন্ত্রী শুধু আশ্বাস ও উপদেশ দিতেই ব্যস্ত। অথচ দেশের অর্থনীতির ভিত ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande